চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে বুধবার দুপুরে জঙ্গি সন্দেহে দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- হাবীবুর রহমান (২৩) ও মোবারক হোসেন (২৪)। তারা চট্টগ্রামের হাটাহাজারী মাদ্রাসার ছাত্র। হাবীবের বাড়ি লালমনিরহাটে এবং মোবারকের ঝালকাঠিতে।
কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আদালত ভবন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কোর্ট পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তিনি বলেন, আদালত এলাকায় এ দু'জন বিভিন্নজনের কাছ থেকে বিচারকদের সম্পর্কে তথ্য জিজ্ঞেস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বক্তব্যে অমিল পাওয়া গেছে।
কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে এ দু'জনকে ৩ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে বলেও ওসি মহিউদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৪০ ঘ.
bdnews24