ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইট আসতে শুরু করেছে।
বুধবার বিকাল ৫টা ১০ মিনিটে ৫১৮ জন যাত্রী নিয়ে ২য় ফিরতি হজ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ফ্লাইট ৫১৭ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট শেষ হবে। হাজিদের দেশে ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ ৬৮টি বিশেষ ও ৩৩টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
এতে আরো বলা হয়, চলতি হজ মৌসুমে ৫৯ হাজার বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যান। এর মধ্যে ৩২ হাজার ১৮৪ জন বাংলাদেশ বিমানে এবং ২৬ হাজার ৮৪৫ জন বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে হজ পালন করতে যান।
ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৩৪ জন বাংলাদেশি হাজী মারা যায়। এদের মধ্যে ছয়জন নারীও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৯৪৫ ঘ.
bdnews24