২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো সাতটি লাশ উদ্ধার

ভোলায় দুর্ঘটনা কবলিত কোকো-৪ লঞ্চের ভেতর থেকে বুধবার সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে, যার প্রায় অর্ধেকই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ভোলা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় দুর্ঘটনা কবলিত কোকো-৪ লঞ্চের ভেতর থেকে বুধবার সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে, যার প্রায় অর্ধেকই শিশু। লালমোহন উপজেলার নাজিরপুর ঘাটের কাছে তেঁতুলিয়া নদীতে ঈদের একদিন আগে শুক্রবার লঞ্চটি কাত হয়ে আংশিক ডুবে যায়। বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত যাদের লাশ পাওয়া যায়, তারা হলেন- ঝুমুর (৮), মঞ্জুরা বেগম (১৮), মোহসিন (৩০), তৈয়ব (২২)। বিকৃত হয়ে যাওয়ায় বাকি তিনটি লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সকাল ৯টা থেকে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লঞ্চটির পেছনের অংশ কিছুটা তোলার পর দমকল বাহিনীর ডুবুরিরা নিচতলার ইঞ্জিন রুম থেকে লাশ সাতটি উদ্ধার করে। স্থানীয় প্রশাসন এখনো ৪০ জনের মতো নিখোঁজ হওয়ার কথা জানালেও স্বেচ্ছাসেবকরা বলছেন, এ সংখ্যা শতাধিক। নিখোঁজদের আত্মীয়-স্বজনের পাশাপাশি কয়েক হাজার লোক এখনো রয়েছে তেঁতুলিয়ার পাড়ে। ওদিকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো ওই লঞ্চ কোম্পানির মালিক জানিয়ে নৌমন্ত্রী বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলেকেও দুর্ঘটনার মামলায় আসামি করা হবে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিদর্শক শফিক ইয়াকুব বাদি হয়ে গত সোমবার দুর্ঘটনার জন্য লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিন আদালতে একটি মামলা করেন। দুর্ঘটনা তদন্তে নৌ মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন পৃথক তিনটি কমিটি করেছে। দুর্ঘটনার পর গত সোমবার রাতে লালমোহন থানায় লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন লঞ্চটির এক যাত্রী। ওই মামলায় জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে লালমোহন থানার ওসি জাকির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে বিআইডব্লিউটিএ'র তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৮১১ ঘ.