ঢাকা, নভেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিজয়ের মাসের প্রথম দিন মঙ্গলবার। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরুতে পাকিস্তানী দখলদার বাহিনীর হাত থেকে বাঙালির স্বদেশকে মুক্ত করার লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশকে সহায়তাকারী ভারতের আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগদান বাঙালির বিজয় ত্বরান্বিত করে। বাংলাদেশ ও ভারতের যৌথ সাঁড়াশি আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানী বাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে। স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অন্যান্য বছরের মতো এবারও ডিসেম্বরকে 'বিজয়ের মাস' হিসেবে পালনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১ ডিসেম্বর দেশব্যাপী 'মুক্তিযোদ্ধা দিবস' পালন করবে।
জাসদ 'মুক্তিযোদ্ধা দিবস' পালনের জন্য মুক্তিযোদ্ধা, বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতি আহবান জানিয়েছে।
জাসদের নেওয়া কর্মসূচীতে রয়েছে সকাল ৮ টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি , সকাল সাড়ে ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও সাড়ে ৯টায় মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।
মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটিও এ দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাসব্যাপী কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে। ১ ডিসেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে এবং দেশব্যাপী সমাবেশ ও মিছিলের মাধ্যমে এ কর্মসূচী শুরু হবে।
বিজয়ের মাসে সিপিবি যুদ্ধাপরাধীদের বিচার, ৭২'র সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা ও 'সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ-লুটপাটতন্ত্র' প্রতিরোধের দাবি জানিয়েছে।
সিপিবি'র মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, সমাবেশ, শপথ অনুষ্ঠান, পদযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩৩৭ঘ.
bdnews24