২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসকে ঘিরে আ'লীগের মাসব্যাপী কর্মসূচি

বিজয় দিবসকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিজয় দিবসকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার সকাল আটটায় বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। এরপর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। ১৭ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ছাড়াও এর সহযোগী সংগঠনগুলো ১২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে। ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বিজয় দিবসকে জাতির 'উৎসব ও আনন্দের দিন' অভিহিত করে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী ও মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি এ দিনটিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নতুন করে শপথ নেওয়ারও আহবান জানান। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। সর্বোচ্চ আদালতে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় বহাল রয়েছে। অচিরেই জেলখানায় জাতীয় চার নেতা হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২৩১৬ ঘ.