চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর মা বেগম মেহেরুন্নেসা চৌধুরী (৮৯) সোমবার সকালে নিজ বাসভবনে মারা গেছেন।
আমীর খসরু মাহমুদের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেরুন্নেসা সোমবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় বার্ধক্যজনিত রোগে মারা যান।
বুধবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে কাট্টলীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমীর খসরুর মায়ের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
মেহেরুন্নেসা সাবেক মন্ত্রী মরহুম মাহদুন্নবী চৌধুরীর সহধর্মিনী।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/জিএনএ/১৭২৩ ঘ.
bdnews24