ভোলা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তেঁতুলিয়া নদীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে সোমবার সকালে আরো ১০ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬।
নিহতদের মধ্যে অন্তত ২২টি শিশু রয়েছে।
এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
ঢাকা থেকে ভোলার লালমোহনগামী এমভি কোকো-৪ নামে লঞ্চটি শুক্রবার রাতে তলা ফেটে আংশিক ডুবে যায়।
লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা ছয়শ'র মতো হলেও এতে দেড় হাজারের বেশি যাত্রী ছিলো বলে যাত্রীরা জানিয়েছেন।
যুবলীগ নেতা লালমোহন উপজেলার বাসিন্দা নুরুন্নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে নদীতে লাশ ভেসে উঠলে ১০টি লাশ উদ্ধার করা হয়।
লঞ্চ ডুবির ঘটনা তদন্তে তিনটি কমিটি করা হয়েছে।
সোমবার জোয়ারের পানি বেড়ে যাওয়ায় উদ্ধারকারী জাহাজ হামজার কাজ বন্ধ রয়েছে। তবে নিখোঁজদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
রোববার সকাল ১১ টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা লঞ্চটি উদ্ধারের কাজ শুরু করে।
পানিতে কাত হয়ে আংশিক ডুবে থাকা লঞ্চটিকে সোজা করার পর এর নিচের অংশ থেকে লাশ উদ্ধার করা হয়।
রাত সাড়ে ৭টা পর্যন্ত লঞ্চ থেকে আরো ২১টি লাশ উদ্ধার কর হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম।
তিনি জানান, উদ্ধার কাজ সাড়ে ৭টায় বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আবার অভিযান শুরু হবে।
জেলা প্রশাসক জানান, আগেরদিন ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছিল। যাত্রীদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে নিখোঁজ ১০৩ জনের একটি তালিকা করা হয়েছিল। এর মধ্যে ৫৬ জনের লাশ পাওয়া গেছে।
উদ্ধার করা লাশের মধ্যে রয়েছে
bdnews24