শেরপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের চরের জঙ্গলদী গ্রামে রোববার আবারো তাণ্ডব চালিয়েছে জামালপুরের পাবালিয়া ও গোয়াবাড়িয়া গ্রামের লাঠিয়াল বাহিনী।
বেলা সাড়ে ১১টার দিকে লাঠিয়াল বাহিনী গ্রামের হামলা চালিয়ে পাঁচটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে আটটি শ্যালোমেশিন, নগদ টাকা এবং ক্ষেতের মাসকলাই ও বেগুন লুট করে নিয়ে গেছে।
লাঠিয়ালদের হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।
গুরুতর আহত শফিক (২৮) ও আলতাব আলীকে (২২) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গত ২১ অক্টোবর শেরপুরের ভাগলগড় গ্রামে হামলা চালিয়ে ২২টি বাড়ি পুড়িয়ে দেয় জামালপুরের এই লাঠিয়াল বাহিনী।
ব্রহ্মপুত্র নদে জেগে উঠা চরের দখল নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন ও সদর থানার ওসি সুব্রত কুমার সাহা।
ওসি সুব্রত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামালপুরের ২৫০ থেকে ৩০০ লাঠিয়াল দা, ফালা, লাঠি, বল্লমসহ অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গলদী গ্রামে হামলা চালায়। দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে তাদের তাণ্ডব চলে। তারা পেট্রোল ঢেলে পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।"
তিনি জানান, আগুনে ১০টি ঘর এবং ঘরে থাকা মাস কলাইসহ অন্যান্য মাল পুড়ে গেছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট (এসপি) মো. আনিসুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24