ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লঞ্চ দুর্ঘটনার উদ্ধার তৎপরতা দ্রুত করার এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ত্রিনিদাদ ও টোবাগো থেকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানান তার উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রধানমন্ত্রী লঞ্চ দুর্ঘটনার উদ্ধার তৎপরতা দ্রুত পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন সংশ্লিষ্টদের।"
প্রধানমন্ত্রী লঞ্চ দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার রাতে ভোলার তেঁতুলিয়া নদীতে ঢাকা থেকে লালমোহনগামী এমভি কোকো-৪ নামের লঞ্চটির তলা ফেটে আংশিক ডুবে যায়। লঞ্চটি থেকে এ পর্যন্ত ৩৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম দুর্ঘটনা কবলিত এলাকায় অবস্থান করে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24