ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের একদিন আগে রাজবাড়ী, মাদারীপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন এবং মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছে। বাসের ধাক্কায় দিনাজপুরের কাহারোলে মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী দুজনের। অন্যদিকে টাঙ্গাইলে বাস উল্টে দুজন এবং একটি ট্রাক থেকে ছিটকে পড়ে একজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজবাড়ী প্রতিনিধি জানান, গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের কাছে পদ্মার মোড় এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শুক্রবার সকালে বাস উল্টে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়।
নিহতদের তিনজন হলেন সাতক্ষীরার চুকরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), সাতক্ষীরার ইসমাইল (১৯) এবং যশোরের শফিউর রহমান শফি।
গোয়ালন্দ থানার উপপরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পদ্মার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।
মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব সন্নাসীরচর এলাকায় সকালে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কালকিনি উপজেলার সিডি খান চরদৌলতপুর গ্রামের বেলাল হোসেন (২১) ও শিপন (২০)। নিহতদের লাশ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে শিবচর থানার উপ-পরিদর্শক সবুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় শিবচরের পাঁচচর চৌরাস্তার কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং খুলনাগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চারজন নিহত হয়। হাসপাতালে মারা যান আরেকজন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের শুভুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত হয়।
সকালের এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয় বলে মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আজিমউদ্দিন (২৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মোবশ্বের আলম (৩৫)।
আহতদের কুমুদীনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় একটি ট্রাক থেকে ছিটকে পড়ে একজন নিহত হয়েছে বলে পুলিশ জানায়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় পাওয়া যায়নি।
দিনাজপুর প্রতিনিধি জানান, কাহারোল উপজেলায় ভোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নওডাঙ্গা গ্রামের সাইদুর রহমান (১৮) ও বরচুনা গ্রামের ইউসুফ (২১)। এরা কান্তজীউর মেলা থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
আহত বরচুনা গ্রামের শাহিনুর ইসলামকে (১৯) রংপুর মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এজে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24