ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের একদিন আগে রাজবাড়ী ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী একটি বাস উল্টে মারা গেছে পাঁচজন। অন্যদিকে টাঙ্গাইলে বাস উল্টে দুজন এবং একটি ট্রাকটি থেকে ছিটকে পড়ে একজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজবাড়ী প্রতিনিধি জানান, গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের কাছে পদ্মার মোড় এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের শুক্রবার সকালে বাস উল্টে পাঁচ জন নিহত এবং ২০ জন আহত হয়।
নিহতদের তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাতক্ষীরার চুকরিয়া গ্রামের সোবহান মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), সাতক্ষীরার ইসমাইল (১৯) এবং যশোরের শফিউর রহমান শফি ()।
গোয়ালন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পদ্মার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যায়।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের শুভুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত হয়।
শুক্রবার সকালের এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয় বলে মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আজিমউদ্দিন (২৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মোবশ্বের আলম (৩৫)।
আহতদের কুমুদীনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় একটি ট্রাক থেকে ছিটকে পড়ে একজন নিহত হয়েছে বলে পুলিশ জানায়।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.
bdnews24