২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ লাখ লোকের জন্য ১০০ টাকা মজুরিতে কাজ

গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে এ অর্থবছর ১ লাখ ৬ হাজার ৬২২ জন নারীসহ ৪ লাখ ৩৪ হাজার ৯৬১ জন কাজের সুযোগ পাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে এ অর্থবছর ১ লাখ ৬ হাজার ৬২২ জন নারীসহ ৪ লাখ ৩৪ হাজার ৯৬১ জন কাজের সুযোগ পাচ্ছে। এতে প্রত্যেককে দৈনিক ১০০ টাকা করে মজুরি দেওয়া হচ্ছে। খাদ্য সচিব মোখলেছুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইলা দুর্গত ১১টি এবং মঙ্গাপ্রবণ পাঁচটি মিলিয়ে মোট ১৬টি জেলায় এ কাজ চলছে। "এ বছর তেমন কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নেই। কাজও আগের তুলনায় বেশি হচ্ছে", বলেন তিনি। মঙ্গাপ্রবণ, নদী-ভাঙ্গন, চরাঞ্চল এবং হাওর-বাঁওড় এলাকাসহ অতিদরিদ্র প্রবণ ৮০ উপজেলাকে অগ্রাধিকার দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির আদলে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ১ হাজার ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এতে সুবিধাভোগীর সংখ্যা প্রাথমিকভাবে ১১ লাখ ২০ হাজার জন বলে উল্লেখ করা হয়। খাদ্য সচিব বলেন, মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কাজ কম হলেও অর্থের যেন অপচয় না হয়। কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত নীতিমালা প্রসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর প্রথম পর্যায় সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সার্বিক দিন বিবেচনায় সরকার এ বছর ১৫ অক্টোবর থেকে শুরু করে। ফলে প্রথম পর্যায়ে তিন মাস এ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা পাওয়ার সুযোগ থাকলেও এবারের সুযোগ দুই মাসের জন্য। কর্মকর্তারা জানান, নভেম্বর মাসে এ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায় শুরু হবে আগামী বছরের মার্চ মাসে। তা চলবে এপ্রিল পর্যন্ত। পাঁচ মাসে মোট ১০০ কর্মদিবস এ কর্মসূচি চলার কথা। তবে এলাকাভেদে কোথাও কোথাও মাসের প্রতিদিনই এ কর্মসূচির কার্যক্রম চলতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান সরকার কার্যক্রমটি কঠোরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১০ জন উপ-সচিব বিভিন্ন এলাকার কাজ পরিদর্শন ও তদারকি করছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স.ম. গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের কাজে সন্তোষজনক অগ্রগতি হচ্ছে। পরিদর্শন ও তদারকি দলের সদস্যদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এই কর্মসূচি মঙ্গাপীড়িত, নদীভাঙ্গন, চরাঞ্চল ও হাওর-বাঁওড় এলাকার অতিদরিদ্র বেকার জনগোষ্ঠী ও প্রান্তিক চাষীদের অভাব দূর করতে ভূমিকা রেখেছে। পর্যবেক্ষণকারী দলের সদস্যরা জানান, বর্তমানে দেশের ১৬ জেলায় ৭ হাজার ৯৬টি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় এ পর্যন্ত ১৭৭ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এ পর্যন্ত ৬ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। এতে গড় অগ্রগতির হার শতকরা ৪০ ভাগ। বিভাগভিত্তিতে এ অগ্রগতির হার হলো- খুলনায় ৩০ দশমিক ৭৪ ভাগ, বরিশালে ৪৯ দশমিক ৭১ ভাগ, চট্টগ্রামে ২০ দশমিক ৩৭ এবং রাজশাহীতে ৫৭ দশমিক ৮৫ ভাগ। অতিদরিদ্র বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে নেওয়া এসব প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় ক্ষুদ্র পরিসরে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ উন্নয়নে কাজ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৬ ঘ.