নওগাঁ/গাজীপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বগুড়ার সান্তাহার থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে।
'ধূমকেতু ঈদ স্পেশাল' নামের ট্রেনটি ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এটি চালু রাখা হবে। মধ্যে ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল করিম জানান।
তিনি বলেন, এই বিশেষ ট্রেনে এক হাজার যাত্রীর আসন সংরক্ষিত থাকবে। ঈদের ছুটিতে নিম্ন আয়ের যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া নিয়মিত চলাচলকারী সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনেও অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলে তিনি জানান।
সময়সূচি অনুযায়ী ট্রেনটি জয়দেবপুর থেকে বিকাল পৌনে ৫টায় ছেড়ে রাত ১০টা ৫০ মিনিটে সান্তাহার পৌঁছবে। আবার সান্তাহার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24