২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ ভবনের মালিকানা দাবি করে মামলা

রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের মালিকানা দাবি করে ওই স্থানে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার জন্য রাজউকের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের মালিকানা দাবি করে ওই স্থানে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার জন্য রাজউকের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। শান্তিনগরের ব্যবসায়ী নাজিম হাবিব-উজ-জামানের দায়ের করা ওই মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। নাজিম বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন। বিচারক ইমরুল কায়েস আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী প্রয়াত ওয়াহিদুজ্জামান ঠাণ্ডু মিয়ার ছেলে নাজিম হাবিব-উজ-জামান। তার মা এবং আট ভাই-বোন এ মামলায় বাদি হয়েছেন। মামলার আরজিতে বলা হয়, উত্তরাধিকার সূত্রে বাদিরা তোপখানা রোডের ১৫/২ নম্বর হোল্ডিংয়ের মালিক। ওই হোল্ডিং এ তাদের কেয়ারটেকার থাকতেন। ১৯৭৯ সালে কেয়ারটেকারকে ভয় দেখিয়ে জোর করে রাজউকের কোনো অনুমোদন ছাড়াই বিএমএ ভবন নির্মাণ করা হয়। পরে এ বিষয়ে তারা একটি মামলা করেন। বিভিন্ন সময়ে বিএমএ ভবন ভেঙে ফেলার আবেদনসহ হাইকোর্টে রিট আবেদনও করা হয়েছে জানিয়ে প্রতিটি মামলার রায়ই বাদিদের পক্ষে আসে বলে আরজিতে দাবি করা হয়। নাজিম হাবিব-উজ-জামানের দাবি, ২০০৭ সালের ২৮ আগস্ট রাজউকের আইন উপদেষ্টা বিএমএ ভবন নির্মাণ বিধিসম্মত হয়নি বলে মত দেন। এছাড়া গত বছরের ২০ এপ্রিল রাজউকের প্রশাসন শাখা থেকেও নির্মাণ বেআইনি হয়েছে বলে মত আসে। এরপরও রাজউক ভবনটি না ভাঙায় এ ক্ষতিপূরণ মামলা করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯১০ঘ.