২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া ডিসেম্বরে ফের শুরু

তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল হয়ে যাওয়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল হয়ে যাওয়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তবে এবার ফ্লাইওভারটির দৈর্ঘ্য বাড়িয়ে পলাশী থেকে ডেমরা পর্যন্ত করা হচ্ছে বলে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাদির বুধবার সাংবাদিকদের জানান। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত এক সভা শেষে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় কাজটি বন্ধ করে দেওয়া হলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই নতুন করে কাজটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।" তিনি জানান, বিগত জোট সরকারের সময় কাজ পাওয়া দুবাইভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান 'বেলহাসা একম'ই আবারো কাজটির দায়িত্ব পাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সময়ের চাহিদা অনুযায়ী নতুন নকশা প্রণয়নের কাজও চলছে। নতুন নকশায় কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে ডিসিসি'র প্রধান প্রকৌশলী বলেন, "সময়ের চাহিদা অনুযায়ী যেমন প্রকল্পের দৈর্ঘ্য বেড়েছে তেমনি নতুন নকশার কাজও চলছে। পরামর্শক প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী নতুন নকশা প্রণয়নের কাজ করছে। তাদের নকশা পাওয়া গেলেই কাজ শুরু করা হবে।" তিনি বলেন, "সময়ের প্রয়োজনে প্রকল্পটি আরো বৃহৎ আঙ্গিকে বাস্তবায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার হলেও এটি এখন হবে পলাশী থেকে ডেমরা পর্যন্ত। এতে প্রাথমিকভাবে সাত কিলোমিটার দৈর্ঘ্যরে কথা বিবেচনা করে কাজটি শুরু করা হলেও এটি ১২টি র‌্যাম্পসহ আট কিলোমিটার দৈর্ঘ্যরে হবে।" প্রকৌশলী কাদির জানান, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াসা ও পিডিবিসহ রাজধানীর বিভিন্ন সেবা সংস্থাগুলোকে তাদের কিছু অবকাঠামো এবং সংযোগ স্থানান্তর করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই তারা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। প্রকল্পটি বাতিল হওয়ার পর একটি মামলা হয়। সেক্ষত্রে বিচারাধীন বিষয় নিয়ে ডিসেম্বরের মধ্যেই নতুন করে কাজ শুরু কীভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, "মামলাটি বিচারাধীন থাকলেও কাজটি কিন্তু একই সংস্থা বাস্তবায়ন করবে। তাই আশা করছি, মামলাটিও দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে।" স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন, প্রকল্প পরিচালক আশিকুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়, সেবা সংস্থা এবং নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৭৫৮ ঘ.