২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া কিনতে এবার বেশি ঋণ

বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব মোকাবেলায় চামড়া শিল্পে গতবারের চেয়ে বেশি ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। চামড়া কিনতে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ দেবে চার শ' কোটি টাকার মতো। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 05:50 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দায় চামড়া শিল্পের ক্ষতি কাটাতে ব্যাংকগুলো এ খাতে গতবারের চেয়ে বেশি ঋণ দিচ্ছে। শুধু কোরবানির চামড়া কেনার জন্যই তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবার ঋণ দেবে চারশ' কোটি টাকার বেশি। আগামী ২৬ নভেম্বরের মধ্যে ঋণের টাকা ট্যানারি মালিকদের হাতে পৌঁছে দেওয়া হবে। অতীতে ঋণ নিয়ে পরিশোধ করছেন, খেলাপি হননি- এমনরাই এ ঋণ পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছেন ব্যাংকাররা। দেশের ট্যানারি শিল্পে চামড়ার চাহিদার ৮০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানির ঈদে। গত কোরবানির ঈদে চামড়া কেনার জন্য সোনালী, জনতা ও অগ্রণী এই তিন ব্যাংক ঋণ দিয়েছিল ৩৩৬ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংক ১৬৩ কোটি টাকা, অগ্রণী ১২৫ কোটি এবং সোনালী ব্যাংক ৪৮ কোটি টাকা দিয়েছিল। জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্দায় ক্ষতিগ্রস্ত চামড়া শিল্পকে রক্ষা, কোরবানির চামড়া পাচার বন্ধ ও দেশের ভেতর থেকে চামড়া সংগ্রহ বাড়াতে এবার ব্যাংকগুলো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ঋণ দিচ্ছে। বিশ্ব মন্দায় দেশের চামড়া শিল্প স্থায়ী রুগ্ন শিল্পে পরিণত হওয়ার উপক্রম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "এ শিল্পকে রক্ষায় আমাদের (ব্যাংকগুলোর) এগিয়ে আসতেই হবে। গত বছর যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছিল তাদের অধিকাংশ প্রতিষ্ঠানই পুরো ঋণ পরিশোধ করতে পারেনি। তারপরও যারা পরিশোধ করেছে এবং কিছু নতুন প্রতিষ্ঠানকে এবার আমরা ১৮০ কোটি টাকার ঋণ দেবো।" নাম প্রকাশ না করার শর্তে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ কোটি ৫০ লাখ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে ঈদের আগে ভালো কোনো উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করলে তাকেও ঋণ দেওয়া হবে। আগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানান, গত বছর যাদের ঋণ দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা যত টাকা পরিশোধ করতে পেরেছেন এবার তাদেরকে ততো টাকাই ঋণ দেওয়া হবে। এ ঋণের পরিমাণ ১৫০ কোটি টাকার মতো বলে ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন। বিশ্বমন্দায় দেশের যে ক'টি রপ্তানি খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রথম সারিতে রয়েছে চামড়া ও চামড়াজাত শিল্প। চামড়া শিল্পখাতে পুঞ্জিভূত খেলাপি ঋণও বাড়ছে। এ শিল্পের সিংহভাগ প্রতিষ্ঠানই এখন ঋণ খেলাপি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বমন্দার কারণে চামড়া শিল্পের অবস্থা খুবই খারাপ। চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ৬০ শতাংশের মতো কমে গেছে।" এ পরিস্থিতিতে চামড়া শিল্পকে সরকারিভাবে নীতি সহায়তা ও আর্থিক সহায়তা না দিলে এ শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে বলে অভিমত দেন তিনি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ২৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ২০০৮-০৯ অর্থবছরে চামড়া রপ্তানি থেকে প্রায় তিন হাজার কোটি টাকার বেশি রপ্তানি আয় দেশে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১১৪৫ ঘ.