বাগেরহাট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের চৌবাচ্চায় রাখা লোনা পানির ১৮টি কুমির পাওয়া যাচ্ছে না।
সোমবার চৌবাচ্চার পানি পরিবর্তন করতে গিয়ে কেন্দ্রের কর্মীরা ১৮টি বাচ্চা কম দেখতে পান। বাচ্চাগুলোর বয়স এক বছর।
মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক গোলাম কুদ্দুস ভুঁইয়াকে ঘটনাটি তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে চার মাস থেকে পাঁচ বছর বয়সী ১৩৩টি লোনা পানির এবং তিনটি স্বাদু পানির কুমির ছিল।
গত মে মাসে ঘূর্ণিঝড় 'আইলা'র সময় কেন্দ্র থেকে ৬১টি কুমির ভেসে গিয়েছিল।
বন কর্মকর্তা মিহির বলেন, "স্বাভাবিকভাবে ওই চৌবাচ্চা থেকে কুমির বেরিয়ে যাওয়া সম্ভব নয়।"
তিনি জানান, ঘটনার জানার পরপরই প্রজনন কেন্দ্রের বিভিন্ন স্থানে কুমির খুঁজে না পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমির বিশেষজ্ঞ আব্দুর রব খুলনার দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24