২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট চালু নিয়ে হাইকোর্টের রুল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু কেন রোধ করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও বিমান কর্তৃপক্ষের প্রতি রুল নিশি জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 09:25 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু কেন রোধ করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও বিমান কর্তৃপক্ষের প্রতি রুল নিশি জারি করেছে হাইকোর্ট। ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়। (বিস্তারিত) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যাবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম, বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৪ নভেম্বর রিটটি দায়ের করা হয়। আবেদনে ব্যারিস্টার সোবহান বলেন, গত ২২ ও ২৯ অক্টোবর বিভিন্ন সংবাদপত্রে বিমানের ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ফ্লাইট পরিচালনায় তাদের ৪০ লাখ টাকা করে লোকসান হবে। তবে প্রকৃতপক্ষে প্রতি ফ্লাইটে লোকসান হবে ৬০ লাখ টাকা। আবেদনে আরো বলা হয়, বিমানের হিসেবমতে, এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চললে বছরে ৫২ সপ্তাহে ১০৪টি ফ্লাইটে ৪১ কোটি ৬০ লাখ টাকা লোকসান হবে। কিন্তু প্রকৃত লোকসানের পরিমাণ দাঁড়াবে ৬২ কোটি ৪০ লাখ টাকা। মঙ্গলবার রিটের শুনানিতে ব্যারিস্টার সোবহান বলেন, "বিমান কর্তৃপক্ষ বলছে, ভাবমূর্তি রক্ষার স্বার্থে ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করা হবে। কিন্তু শুধুমাত্র ভাবমূর্তি রক্ষায় রাষ্ট্রের ৬২ কোটি ৪০ লাখ টাকা লোকসানের জন্য বিমান কর্তৃপক্ষ দায়ী থাকবে।" রিট আবেদনের বিরোধিতা করে সরকারপক্ষে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এইচএ/১৪০৭ ঘ.