ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ যেতে বাধা পাওয়ার পর হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে আদেশ পেয়েছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
আগামী দুই মাসে বিদেশ যেতে তাকে বাধা না দেওয়ার জন্য মঙ্গলবার হাইকোর্ট সরকারের প্রতি আদেশ দিয়েছে।
একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ হবে না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিঙ্গাপুর যাওয়ার সময় সোমবার সাকা চৌধুরীকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে সাকা চৌধুরী রিট আবেদন করলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ ওই আদেশ দেয়।
আদেশের পর সালাউদ্দিন কাদেরের কৌঁসুলি শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, আদালত আগামী দুই মাসে তার (সাকা চৌধুরী) বিদেশ গমনে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিএনপির এ সাংসদ হৃদরোগের চিকিৎসা নিতে সিঙ্গাপুর যেতে চাচ্ছিলেন বলে আইনজীবী জানান।
আদালতে সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ের করা মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬২০ ঘ.
bdnews24