কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় স্থায়ী কমিটির তলবে হাজির হতে বাধ্য করতে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রস্তাব গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই এসংক্রান্ত বিলের খসড়া প্রস্তুত করেছে বলে সোমবার জানিয়েছেন কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, এছাড়া এ আইনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বার্হীর্ কতৃপক্ষকে প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপনে কমিটি বাধ্য করতে পারবে।
সুরঞ্জিত বলেন, "আইন মন্ত্রণালয় এসংক্রান্ত বিল উপস্থাপনে সম্মত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, যা নির্বাহী বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে যেকোনো ব্যক্তিকে সংসদীয় স্থায়ী কমিটিতে হাজির হতে বাধ্য করতে পারবে।
"এছাড়া, এই বিলে এমন ধারা যুক্ত থাকবে যাতে সংসদীয় স্থায়ী কমিটি নির্বার্হীর্ কতৃপক্ষকে প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপনে বাধ্য করতে পারে।"
কমিটির চেয়ারম্যান জানান, সংবিধান প্রণেতারা অনুচ্ছেদ ৭৬ (৩) অন্তর্ভুক্ত করেছেন, যা নির্বার্হীর্ কতৃপক্ষের যেকোনো ব্যক্তিকে সশরীরে হাজির হতে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপনে বাধ্য করতে সংসদীয় কমিটিকে ক্ষমতা দিয়েছে।
"আমরা কেবলমাত্র ৩৭ বছরের আইনি শূন্যতা পূরণ করছি। বিলটি সংসদে পাস হলে সংসদীয় কমিটির তলব অগ্রাহ্যকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
"আমরা ইতিমধ্যেই বিলটির খসড়া প্রস্তুত করেছি। কমিটির পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত হবে। এটি সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী ও কার্যকর করবে", বলেন সুরঞ্জিত।
সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা সংসদীয় স্থায়ী কমিটির তলব অগ্রাহ্য করে হাজির না হওয়ার প্রেক্ষাপটে কমিটি এধরনের আইন করতে সরকারের কাছে সুপারিশ করেছে।
অতীতেও দেখা গেছে, স্থায়ী কমিটি কোনো মন্ত্রণালয়ের কাছে দলিলপত্র চাইলে তারা 'স্পর্শকাতর' বা 'নিরাপত্তার' অজুহাতে প্রায়ই দলিলপত্র উপস্থাপনে অস্বীকৃতি জানায়।
সংসদ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকারকে অবশ্যই অনুচ্ছেদ ৭৬ অনুযায়ী একটি আইন প্রণয়ন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/এসকে/২১১০ ঘ.
bdnews24