পঞ্চগড়, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর এক এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় পুলিশ।
পঞ্চগড় সদর হাসপাতালের সামনে থেকে রোববার সন্ধ্যায় গোলাম মোস্তফা (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান।
পুলিশ বলছে, মোস্তফা জেএমবির নীলফামারী অঞ্চলের নেতা।
মোস্তফা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলবাড়ি মুন্সিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ওসি বলেন, নীলফামারীতে ২০০৫ সালের সিরিজ বোমা মামলায় মোস্তফা তিন বছর কারাগারে ছিলেন। ওই মামলায় পরে খালাস পান তিনি। তবে জলঢাকা থানায় গত বছরের ৪ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি মোস্তফা।
তবে ওই মামলায় পলাতক মোস্তফা পঞ্চগড়ে কেমিকো ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছিলেন বলে পুলিশ জানায়।
পঞ্চগড় পুলিশ মোস্তফাকে কুড়িগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24