ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রসহ বিভিন্ন ভিডিও ক্লিপ-এর নকল রোধে কপিরাইট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যে এ বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
রোববার তথ্য মন্ত্রণালয়ে 'অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং চলচ্চিত্রে ভিডিও পাইরেসি রোধ' সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান।
সভায় তথ্য মন্ত্রণালয় থেকে গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদ জানান, গত ছয় মাসে তিন লাখ ২৮ হাজার ৪৭৭টি নকল সিডি ও ডিভিডি এবং ১৪ হাজার ৬০০টি পর্ণো ছবি উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে ৬৫টি।
তথ্য সচিবের সভাপতিত্বে সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবির খান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল জলিল মিঞা, এফডিসি'র ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আল শাকুর আহমেদ, কপিরাইট অফিসের নিবন্ধক মঞ্জুরুল রহমান, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সহ-সভাপতি সুরথ কুমার সরকার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি গাজী মাযহারুল আনোয়ার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএইচ/২২৩৩ ঘ.
bdnews24