চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা ফাঁদ পেতে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
রোববার দুপুরে নগরীর আগ্রাবাদের সরকারি কার্যভবন থেকে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের উপ-পরিচালক নুর আহম্মেদ মোস্তফাকে ঘুষের পাঁচ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে ডবলমুরিং থানায় তুলে দেওয়া হয়।
দুদক চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক রফিকুল ইসলামের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা কল্যাণ ফান্ড ও যৌথ বীমার টাকা তোলার জন্য দীর্ঘদিন ধরে আগ্রাবাদের কর্মচারি কল্যাণ বোর্ডের কার্যালয়ে এসে নানাভাবে হয়রানির শিকার হন। সেখানকার কর্মকর্তা নুর মোহাম্মদ পাঁচ হাজার টাকা ঘুষ ছাড়া কল্যাণ ফান্ডের টাকা দেওয়া হবে না বলে রফিকুলের স্ত্রী শিরীন আক্তারকে জানিয়ে দেন।
তিনি জানান, এ ব্যাপারে শিরীন আক্তার দুদক কার্যালয়ে অভিযোগ জানালে দুদক সদস্যরা ফাঁদ পেতে রোববার দুপুর দেড়টার দিকে নুর মোহাম্মদকে তার অফিস থেকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/১৯৫৫ ঘ.
bdnews24