২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর জঙ্গি সন্দেহে আরো গ্রেপ্তার

ভারত ও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে লস্কর-ই-তৈয়বার সদস্য আবু মোতালেব নামে (৪৪) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারত ও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে লস্কর-ই-তৈয়বার সদস্য আবু মোতালেব নামে (৪৪) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে রাজধানীর মতিঝিল থেকে মোতালেবকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি কমিশনার এস এম রফিকুল ইসলাম। গত ১৩ নভেম্বর গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আবু মোতালেব ওরফে মতু ওরফে মজনুকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। রফিকুল ইসলাম জানান, মোতালেবের বিরুদ্ধে বাংলাদেশ থেকে জঙ্গি সংগ্রহ করে পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে ভারত, আফগানস্থানসহ বিভিন্ন জায়গায় পাঠানোর অভিযোগ রয়েছে। "মোতালেব নিজেও গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ব্যবহারে পারদর্শী এবং ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে।" তাকে রিমাণ্ডে নিলে আরো তথ্য পাওয়া যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্র দূতাবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে কয়েকদিন আগে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ইজহারের ছেলে হারুন ইজহারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/জিএনএ/১৩৪৭ঘ.