ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, দ্রুত বিচার আইনে এ বিচার করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, "আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। দ্রুততর সময়ের মধ্যেই এ ঘটনার বিচার করবো।"
শনিবার সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে স্বাধীনতা যুদ্ধে নামে। সেদিন সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। দেশ স্বাধীনের পর থেকে এ দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণে চার জাতীয় নেতাসহ সব হত্যাকাণ্ডের বিচার করার সংল্পের কথাও ব্যক্ত করেন।
১৯ নভেম্বরের ঐতিহাসিক রায়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "ওই দিন সত্যের জয় হয়েছে। পর্যায়ক্রমে জেল হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা, শাহ এ এম এস কিবরিয়া, আহসানউল্যাহ মাস্টারসহ সকল হত্যাকাণ্ডের বিচার এ মাটিতেই হবে।"
তিনি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিন বাহিনীর আধুনিকায়নে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন হাসিনা। একইসঙ্গে তিনি সেনা সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমার সৈনিক ভাইয়েরা যেন দু'বেলাই মাছ-মাংস খেতে পায় সে ব্যবস্থা করা হচ্ছে।"
অনুষ্ঠানে বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্পিকার আব্দুল হামিদ, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/২১১০ ঘ.
bdnews24