কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক না হওয়া পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছে তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়া হস্তান্তর করতে পারবে না।
এদিকে, বাংলাদেশ ও ভারতের পানি বিশেষজ্ঞদের বৈঠক হওয়ার পর জেআরসির বৈঠক হবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তবে পানি বিশেষজ্ঞদের বৈঠকের তারিখই এখনো ঠিক হয়নি।
তিনি জানান, বাংলাদেশ দুই দেশের পানি বিশেষজ্ঞদের বৈঠকের তারিখ ৩-৬ ডিসেম্বর প্রস্তাব করলেও ভারত তাতে এখনো সাড়া দেয়নি।
আগামী ১৯-২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে দিল্লিতে 'যত শিগগির সম্ভব' জেআরসির বৈঠক হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি দিয়েছে বলেও তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারত সফর শেষে দেশে ফিরে গত ১১ সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে অচিরেই ভারতের সঙ্গে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করবে।
শনিবার হোটেল শেরাটনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা (প্রধানমন্ত্রীর) সফরের আগে জেআরসির বৈঠকটি করতে পারলে ভারতের কাছে তিস্তার পানি বণ্টন চুক্তির একটি খসড়া হস্তান্তর করবো।
"তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করতে জেআরসিকে বৈঠকে বসতে হবেতো।"
বিগত ছয় বছর জেআরসির বৈঠক না হওয়ার প্রসঙ্গ টেনে দীপু মনি জানান, জেআরসির বৈঠক অনুষ্ঠানে ভারতকে রাজি করানোর চেষ্টায় আছে তারা।
কর্মকর্তারা বলছেন, তিস্তার পানি বণ্টন চুক্তির বিশেষ ধারাগুলো চূড়ান্ত করার জন্য বাংলাদেশ ও ভারতকে জেআরসির বৈঠকে বসতেই হবে। যেমন, দুই দেশের প্রধানমন্ত্রী চুক্তিটিতে স্বাক্ষর করার আগে জেআরসিকে ঠিক করতে হবে তিস্তার কী পরিমাণ পানি বাংলাদেশ ও ভারত পাবে।
বাংলাদেশ ও ভারতের পানি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা প্রতি বছর দু'দেশের পানি সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের সঙ্গে ১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হওয়ার পর ১৯৯৯ সালেই তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করার চেষ্টা শুরু করে বাংলাদেশ। সেই থেকে তিস্তার বিষয়ে গত এক দশক আলাপ-আলোচনা হচ্ছে।
সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর নয়া দিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের এক যৌথ বিবৃতিতে তিস্তার পানির প্রাপ্যতা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহে একটি যৌথ 'টেকনিক্যাল টিম' গঠনের বিষয় সম্মতির কথা জানানো হলেও এখনো তা গঠিত হয়নি।
বাংলাদেশ ২০০৫ সালে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির একটি খসড়া ভারতকে দিয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, খসড়ায় বাংলাদেশ ও ভারত উভয়ের তিস্তার পানির ৪০ শতাংশ করে পাওয়ার এবং ২০ শতাংশ নদীটির নাব্যতা ঠিক রাখার জন্য বঙ্গোপসাগরে যেতে দেওয়ার প্রস্তাব করা হয়। ভারত তাতে রাজি হয়নি।
ভারত থেকে বাংলাদেশে ৫৪টি নদী প্রবেশ করলেও অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে এ পর্যন্ত শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে।
তিস্তা নদীকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। রংপুর অঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপের আওতায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষি জমি রয়েছে।
কিন্তু ভারত তার সেচ প্রকল্পের জন্য তিস্তার উজানে গজালডোবায় ব্যারেজ (বাঁধ) নির্মাণ করায় প্রতি বছর শুকনো মৌসুমে নদীর বাংলাদেশ অংশে পানি সঙ্কট দেখা দেয়।
পানির এমন সঙ্কটের কারণে সরকার তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে পারছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/২০৩৭ ঘ.
bdnews24