চাঁদপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন আগেই আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ঈদুল আযহা উদযাপন করবে চাঁদপুরের প্রায় ৫০টি গ্রামের মানুষ।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।"
সে অনুযায়ী আগামী শুক্রবার তারা ঈদ পালন করবেন বলে জানান তিনি।
আগামী ২৮ নভেম্বর সারা দেশে ঈদুল আযহা উদযাপন হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সাদ্রা ছাড়াও চাঁদপুরের যেসব গ্রামে আগাম ঈদ হবে সেগুলো হল- হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উট্তলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর এবং পাঁচানীসহ শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম।
মাওলানা জোফার জানান, তার ইমামতিতে ঈদের প্রধান জামায়াত হবে সাদ্রা মাদ্রাসা মাঠে।
তিনি আরো জানান, ঈদসহ প্রতিটি ধমীয় অনুষ্ঠান তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24