ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তার বড় ছেলে তারেক রহমান পুরোপুরি সুস্থ হয়ে দেশে এসে রাজনীতিতে ফিরে আসবেন। তারেক সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
তিনি বলেন,''আপনারা তারেকের জন্য দোয়া করবেন। সে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবে।''
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকালে বগুড়ার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসেই খালেদা জিয়া বেলুন উড়িয়ে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও গরু-ছাগল বিতরণ করেন।
২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে যৌথ বাহিনী গ্রেপ্তার করার স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত কণ্ঠে বিএনপি চেয়ারপারসন বলেন,''কারাগারে নিয়ে তারেককে কী অবস্থা করেছে, তা আপনারা জানেন। কারাগার থেকে তাকে স্ট্র্যাচারে করে বিদেশে পাঠানো হয়েছে। এখানে সময়মত তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি।''
বগুড়ার উন্নয়নে তারেকের অবদানের কথাও স্মরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে জনহিতকর নানা কর্মকান্ডে তারেকের সম্পৃক্ততার কথা তুলে ধরে খালেদা বলেন, ''আমি জানি তারেক রহমানকে তৃণমূল নেতা-কর্মীরা আজো স্মরণ করে। সুস্থ হয়ে আবার তারেক যেন বগুড়াবাসী তথা দেশের মানুষের সেবা করতে পারে, সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই।''
আলোচনা সভার পর খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে বিশাল কেক কেটে তারেকের জন্মদিন পালন করেন। এসময় 'শুভ জন্মদিন, তারেক রহমান' শ্লোগান দেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেকের জন্ম ১৯৬৫ সালে ২০ নভেম্বর বগুড়ায়। বেশ কয়েকটি দুর্নীতি মামলায় জামিন নিয়ে তারেক চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে আছেন।
বিগত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ভবিষ্যতে ভোট ছিনতাই বন্ধে দেশবাসীকে সজাগ হওয়ার আহবান জানিয়েছেন খালেদা ।
তিনি বলেন, ''২০০৮ সালের সাধারণ নির্বাচনে বগুড়ায় ষড়যন্ত্র করে দু'টি আসন ছিনতাই করা হয়েছে। আগামীতে আর যেন কোথাও ভোট ছিনতাই না হয়, সেজন্য দেশের মানুষকে সজাগ থাকতে হবে। আগামীতে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।''
জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদদু আহমেদ, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু এবং স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকা থেকে বিএনপির সহসভাপতি শাহজাহান ওমর, সারোয়ারি রহমান, যুগ্মমহাসচিব আবদুল্লাহ আল নোমানসহ অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংসদরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে নেতা-কর্মীদের বিশাল সমাবেশ হয়। কর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি, ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে অনুষ্ঠানে যোগ দেয়। এছাড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় তোরণ।
জন্মবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে সকালে বিরোধী দলীয় নেতা ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও স্থানীয় সাংসদ হাসিনা মাহমুদ উপস্থিত ছিলেন।
দুপুর দুইটার দিকে খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউজে এসে পৌঁছান। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়ার শেরপুর, শিবপুর, গাবতলীসহ বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানায়।
তার গাড়ি বহরের সঙ্গে বিএনপি মহানগর, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্র দলের শতাধিক গাড়ি ছিলো।
বিএনপি চেয়ারপার্সন রাত ১২ টার দিকে ঢাকা সেনানিবাসে তার বাসায় পৌঁছান।
এদিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেকের জন্মদিন উপলক্ষে বিকেলে কেক কাটা হয়। এ সময় দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমানের আশু আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/০০১০ ঘ.
bdnews24