কুমিল্লা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি কাভার্ড ভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
শুক্রবার দুপুর পর্যন্ত মহাসড়কের চান্দিনা থেকে কুমিল্লা সেনানিবাস এবং অন্যপাশে দাউদকান্দি পর্যন্ত যানজট ছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চান্দিনার গোমতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি উল্টে যায়। পরদিন সকাল ৮টার দিকে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়া হয়।
চান্দিনা হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুর রহমান জানান, প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ায় দুপাশেই জট লেগে যায়।
এছাড়া মহাসড়কে এলোপাথাড়িভাবে যানবাহন রাখায় যানজট দুপাশে প্রায় ২০-২৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বিকাল ৪টার দিকে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে বলে পুলিশ সার্জেন্ট জানান।
বাসযাত্রী আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ৯টায় তিনি ঢাকা থেকে কুমিল্লা রওনা হন। দুপুর ৩টার দিকে তিনি পৌঁছাতে পেরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24