২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর অস্ট্রেলিয়া থাকতে হবে তৃষ্ণা-কৃষ্ণাকে

আলাদা হওয়ার পর বাংলাদেশি জোড় শিশু তৃষ্ণা-কৃষ্ণার অবস্থা উন্নতির দিকে, তবে আরো দুই বছর তাদের অস্ট্রেলিয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 06:56 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা হওয়ার পর বাংলাদেশি জোড় শিশু তৃষ্ণা-কৃষ্ণার অবস্থা উন্নতির দিকে, তবে আরো দুই বছর তাদের অস্ট্রেলিয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় মাথায় জোড়া লাগানো শিশু দুটিকে। কয়েকদিন পরই তিন বছরে পা দিতে যাচ্ছে তারা। অস্ট্রেলিয়ার দৈনিক 'দি এজ' একটি প্রতিবেদনে জানিয়েছে, দুই বোন এখন হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এবং ক্রমেই সেরে উঠছে বলে চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের (সিএফএফ) সিএফএফ'র একজন মুখপাত্র জানান। তারাই শিশু দুটিকে বাংলাদেশ থেকে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দুই বোনের মধ্যে তৃষ্ণা অচেতন অবস্থা থেকে জেগে ওঠে। এর পরেই সে সিএফএফ'র প্রতিষ্ঠাতা মোইরা কেলির কোলে বসে কথা বলতে শুরু করে। বর্তমানে মোইরা কেলি দুই বোনের বৈধ অভিভাবক। কৃষ্ণাকে শুক্রবার বিকালে ধীরে ধীরে জাগিয়ে তোলা হবে বলে জানান সিএফএফ মুখপাত্র। হাসপাতালটির নিউরো সার্জারি বিভাগের পরিচালক ভার্জিনিয়া ম্যাক্সনার জানান, বুধবার এক এমআরআই পরীক্ষার পরে তাদের মস্তিষ্কে কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়। এসএফএফ'র প্রধান নির্বাহী মার্গারেট স্মিথ জানান, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য শিশু দুটিকে আরো অন্তত দুই বছর মেলবোর্নে থাকতে হবে। স্মিথ জানান, মেয়ে দুইটির বর্তমান বৈধ অভিভাবক সিএফএফ'র প্রতিষ্ঠাতা মোইরা কেলি নিজেকে মায়ের মতোই মনে করেন, তবে তাদের দত্তক নেয়ার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত তিনি জানাননি। দুই বছর আগে তৃষ্ণা-কৃষ্ণাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে সিএফএফ। এই তহবিলের পুরোটাই দুই বোনের মস্তিষ্ক পৃথক করা ও তার আগে বিভিন্ন অস্ত্রোপচারসহ তাদের রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয়েছে। একজন ব্যক্তি তাদের হাসপাতালের পুরো খরচই বহন করেছেন। তবে তিনি তার পরিচয় গোপন রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৫১ ঘ.