ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আপিল বিভাগের রায় রিভিউ করার আবেদন করা হবে জানিয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি পক্ষের একজন আইনজীবী।
ফাঁসির আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন, "এটি সর্বোচ্চ আদালতের রায়। এর বিরুদ্ধে আপিল করার আর কোনো সুযোগ নেই। তবে সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আসামীদের রায় রিভিউ করার সুযোগ রয়েছে।"
মামুন বলেন, "আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করবো। আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে এটি দায়ের করা হবে। যতো তাড়াতাড়ি রায়ের কপি হাতে পাবো, ততো তাড়াতাড়ি রিভিউ আবেদন দায়ের করা হবে।"
সুপ্রিম কোর্ট রুলসের ২৬ আদেশের ১ ও ২ বিধি অনুযায়ী ৩০ দিনের মধ্যে এই রিভিউ আবেদন দায়ের করতে হবে, তবে রায়ের কপি না পাওয়া পর্যন্ত সময়ও এর সঙ্গে যুক্ত হবে বলে জানান তিনি।
ব্যারিস্টার মামুন দাবি করেন, এ মামলায় বাদীপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে। আসামিরা খালাস পাওয়ার যোগ্য। তবে আদালত রায়ে বলেছে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলা প্রমাণ করতে পেরেছে। রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মামলাটি সাধারণ আদালতে বিচারের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় নিহত চার জন ছিলেন সেনা বাহিনীর সদস্য। তার মধ্যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বাধিনায়ক। তাই তাদের বিচার হওয়া উচিত ছিলো সেনা আইনে।
তিনি বিডিআর রেফারেন্সের কথা তুলে ধরে করে বলেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে আসামীরা যেই আইনের অধীন সেই আইনেই বিচার চলবে।
তিনি বলেন, "বঙ্গবন্ধু জাতির পিতা। তবে আসামীদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। তাই আমি এই মামলা লড়েছি। আমিও ন্যায় বিচার চাই। তবে ন্যায় বিচার অবশ্যই আইন অনুযায়ী হতে হবে।"
তিনি বলেন, সুপ্রিম কোর্ট রুলসের ২৪ বিধি অনুযায়ী রিভিউসহ বাদবকি আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী আসামীরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন। এই আবেদনে তিনি (রাষ্ট্রপতি) আসামীদের সাজা মওকুফ করতে পারেন, কমাতে পারেন এবং ক্ষমা করতে পারেন।
তিনি আরো বলেন,আইনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আইনের প্রক্রিয়া সমুন্নত রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৭৫৬ ঘ.
bdnews24