২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগে মূল বাধা অর্থ যোগানে দীর্ঘসূত্রতা

দেশে বিনিয়োগে মূল বাধা অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থ যোগানের দীর্ঘ প্রক্রিয়া। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগের মূল বাধা হিসেবে অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থ যোগানের দীর্ঘ প্রক্রিয়াকে চিহ্নিত করেছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এক সেমিনারে বক্তারা একথা বলেন। সেমিনারে বলা হয়, অবকাঠামো উন্নয়ন ছাড়াও অর্থ সংগ্রহের ক্ষেত্রে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা সীমাবদ্ধতা বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। এজন্য আর্থিক পরিকল্পনা গ্রহণ খুবই জরুরি। 'বাংলাদেশের বেসরকারিখাতে অর্থায়নের চ্যালেঞ্জ' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এবং কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডিসি)। বিনিয়োগ বোর্ডের (বিওআই) নির্বাহী চেয়ারম্যান ড. আবদুস সামাদ বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখনো বহুমাত্রিক অঞ্চল হিসেবে পরিগণিত হয়নি। দেশের ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো রক্ষণশীল এবং পুরনো ধারায় রয়ে গেছে। বিভিন্ন সরকার বারবার উদ্যোগ নিলেও এক্ষেত্রে কার্যকরী কোন সংস্কার ঘটেনি। দীর্ঘ মেয়াদের বড় বিনিয়োগের চেয়ে ব্যাংকগুলো অনুৎপাদনশীল খাতেই বেশি ঋণ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি অর্থ সংগ্রহে বন্ড মার্কেট শক্তিশালী এবং বহুমুখী করার তাগিদ দেন সামাদ। তিনি বলেন, ইতিবাচক সুদের হার নির্ধারণ এবং কার্যকর আর্থিক ব্যবস্থা গ্রহণ করা গেলে দেশে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ধাপ সহজ ও দ্রুততর করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিওআই চেয়ারম্যান। সব ধরনের বিনিয়োগকারীদের বিনামূল্যে সরকারি পণ্য ও সেবা দেওয়ার বিরোধিতা করেন তিনি। কৃষক এবং প্রান্তিক উদ্যোক্তাদের ভর্তুকি কিংবা বিনামূল্যে 'পাবলিক গুডস' যোগান দিতে আলাদা 'ট্রান্সফার' কৌশল নির্ধারণ করার কথা বলেন সামাদ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, আগামী পাঁচ বছরে দেশের অবকাঠামোগত এবং বিদ্যুৎখাতে উন্নয়নে ৩৫ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হবে। এজন্য মূল চ্যালেঞ্জ হলো স্থানীয় এবং বিদেশি উৎস থেকে কীভাবে এ অর্থের যোগান দেওয়া হবে। নিটল গ্র"পের চেয়ারম্যান মাতলুব আহমেদ বলেন, ব্যাংক থেকে দীর্ঘ মেয়াদি ঋণ পাওয়া যায় না। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতেও এক থেকে দুই বছর লেগে যায়। এটি ক্যাপিটালের অংশীদার মিনহাজ জিয়া বলেন, বেসরকারিখাতে বিনিয়োগ স্থবির হয়ে রয়েছে। জিডিপি'র প্রবৃদ্ধি দুই অঙ্কে নিতে হলে অবকাঠামোখাতে বিনিয়োগ জিডিপি'র চার শতাংশ থেকে আট শতাংশে উন্নীত করতে হবে। তিনি বড় ও দীর্ঘ মেয়াদী বিনিয়োগের অর্থ সংগ্রহে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর 'সীমাবদ্ধতা' কাটানো এবং বন্ড মার্কেট শক্তিশালী করার আহ্বান জানান। পিপিপি'র মাধ্যমে বড় ধরনের বিনিয়োগ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন বিনিয়োগ বোর্ডের সদস্য আবু রেজা খান। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুসলিম চৌধুরী সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো দীর্ঘ মেয়াদি বিনিয়োগে ঋণ দিচ্ছে না উল্লেখ করে সরকারি সিকিউরিটি বন্ড এবং সেকেন্ডারি বন্ড মার্কেটকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আইডিসিওএল'র প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফ ইসলাম বলেন, বড় ধরনের বিনিয়োগে তহবিলের অভাব না থাকলেও অবকাঠামোগত সমস্যা প্রকট। ব্যাংকগুলোতে অলস অর্থ থাকলেও তারা বিনিয়োগে এগিয়ে আসছে না। একারণে জিডিপি'র প্রবৃদ্ধিও ছয় শতাংশ থেকে বাড়ছে না। সেমিনারে সিডিসি'র চেয়ারম্যান রিচার্ড গিলিংওয়াটার 'উন্নয়নশীল দেশসমূহের সহযোগিতায় সিডিসি'র ভূমিকা', এটি ক্যাপিটালের ব্যবস্থাপনা অংশীদার 'বাংলাদেশের বেসরকারিখাতে অর্থায়নের চ্যালেঞ্জসমূহ'র বিষয়ে বক্তব্য দেন। এছাড়া, 'সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ও অবকাঠামোখাতে অর্থায়নের চ্যালেঞ্জ' এবং 'রেগুলেটরি রিফর্মস, এফডিআই এবং ফাইনানশিয়াল সেক্টর' নিয়ে দুই অধিবেশনে আলোচনা করেন ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২১২৫ঘ.