ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার সেক্টর কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে নতুন করে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।
এবার পত্রপ্রেরকের নামে আগের চিঠির আব্দুল হামিদের পাশাপাশি দেলোয়ার নামে আরো একজনের নাম যুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, "বারবার এ ধরনের হুমকি আসতে থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট হবে। তাই আমরা বিষয়টিকে গুরুত্বে সাথে নিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।"
১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেক্টর কমান্ডার্স ফোরামের এক মতবিনিময় সভা হয়। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার দুপুর ১টায় চিঠি আসে বলে উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক (রেজিস্ট্রার) মুন্সী শামসুদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ চিঠি পাওয়ার পরপর উপাচার্যের অফিসে মেটাল ডিটেক্টর বসানো হয়।
অশুদ্ধ বানানে লেখা চিঠিতে উপাচার্যকে 'তুই' সম্বোধন করা হয়। এতে বলা হয়, হিযবুত তাহরীরের সঙ্গে আলোচনা না করে সেক্টর কমান্ডার ফোরামের নেতাদের নিয়ে বৈঠক করায় বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে 'হিযবুত তাহরীরের বীজ বুনে দেওয়া হয়েছে' বলেও এতে দাবি করা হয়।
চিঠি পাওয়ার পরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কতা ও আন্তরিকতার কারণে আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে কোন হামলা হবে না।"
"বুধবারের সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সন্দেহজনক কিছু লোককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "১৫ নভেম্বরের চিঠি ও ১৭ নভেম্বরের চিঠির হাতের লেখা এক নয়। তবে নিচে একই নাম দেওয়া আছে।"
গত ১৫ নভেম্বর উপাচার্যকে হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়। উপাচার্য হওয়ার আগেও অধ্যাপক আরেফিন সিদ্দিককে মোট ৭ বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়। বিভিন্ন সময়ে তার বাসায় ও অফিসকক্ষে হামলা হয়।
উপাচার্যকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা এলামনাই অ্যাসোসিয়েশন ও ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০১৩৫ঘ.
bdnews24