ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো মতবিনিময় সভা করেছে তথ্য কমিশন।
মঙ্গলবার সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) ভবনে কমিশনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান তথ্য কমিশন গঠন, দায়িত্ব গ্রহণ, ক্ষমতা ও কাজের আওতা এবং দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত পরিচালিত কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরেন তথ্য কমিশনার এম এ তাহের এবং ড. সাদেকা হালিম।
সভায় আইনটির বিভিন্ন দিক, অসঙ্গতি ও প্রায়োগিক ক্ষেত্র নিয়ে বাসস এর সাবেক প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক কাশেম হুমায়ুন, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদসহ সিনিয়র সাংবাদিকরা আলোচনা করেন।
এছাড়া নিমকোর মহাপরিচালক মকবুল হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুখলেসুর রহমান ও বিটিভির উপ-মহাপরিচালক শেখ মোহাম্মদ সালেক উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যমের সবার আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
এ আইনটি দ্রুততম সময়ে বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24