ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বহিঃমহীসোপান বিষয়ে মিয়ানমারের দাবি নিয়ে শুনানি পিছিয়ে দিয়েছে জাতিসংঘের কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্ট (সিএলসিএস)।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বাংলাদেশের সঙ্গে বিরোধপূর্ণ রাখাইন কন্টিনেন্টাল শেল্ফ (মহীসোপান) নিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর সিএলসিএস-এ আনুষ্ঠানিকভাবে নিজেদের দাবি জানায় মিয়ানমার।
এরপর ২৩ জুন জাতিসংঘ মহাসচিবের কাছে প্রতিবাদলিপি জমা দেওয়ার মাধ্যমে তার জবাব দেয় বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএলসিএস গত ২৪ আগস্ট তাদের ২৪তম অধিবেশনে মিয়ানমার কর্তৃপক্ষের দাবি এবং বাংলাদেশের প্রতিবাদলিপির ভিত্তিতে শুনানি করেছে।
এতে বাংলাদেশের অভিযোগ বিবেচনায় নিয়ে কমিশন মিয়ানমারের দাবির শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআর/এজে/এসকে/২১৩৬ঘ.
bdnews24