টাঙ্গাইল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবদুল হামিদ খান ভাসানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধিতে মানুষের ঢল নামে।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম নুরুল ইসলাম প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুস ছালাম চাকলাদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা।
পুষ্পস্তবক অর্পণের পর তারা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরে সমাধি প্রাঙ্গণে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শহর বিএনপি'র আহ্বায়ক হাসানুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, কৃষকদল নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রমুখ।
এছাড়া ভাসানী ফাউন্ডেশন ভাসানী মেলা, কাঙালী ভোজ, দেয়াল পত্রিকা প্রকাশসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান আবদুল হামিদ খান ভাসানী ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চসহ বিভিন্ন আন্দোলনের সংগ্রামের অন্যতম নেতা ছিলেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24