কুমিল্লা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর উপজেলায় সোমবার রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে র্যাবের এক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন।
ঘটনার পর রাতেই চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আহত র্যাব কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার মাহবুবুল আলমকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।
কুমিল্লা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের ওই দলটি উপজেলার পিপুলিয়া গ্রামে মাদক বিরোধী অভিযানে গিয়েছিল।"
কুমিল্লা র্যাব-১১ এর একজন কর্মকর্তা জানান- রাত ১টায় পিপুলিয়া গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে 'বন্দুযুদ্ধের' এক পর্যায়ে লে. কমান্ডার মাহবুবের হাতে গুলি লাগে।
এ সময় র্যাবের পাল্টা গুলিতে বদিউল আলম শামীম নামের একজন পেটে গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই র্যাব কুমিল্লা, বরুড়া ও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে আহতদের সন্ধানে বের হয়।
রাতেই শহরের রামঘাট এলাকার কুমিল্লা টাওয়ারের মেডিকেল সেন্টারের ৬২৪ নম্বর কেবিন থেকে শামীমসহ চারজনকে আটক করা হয়।
আটককৃত অন্যরা হলেন - মানিক, জালাল ও আনোয়ার। তবে তারা আহত কিনা তা জানাননি ওই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24