গাজীপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা রেল ওভারব্রিজের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ব্যক্তির কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছাই রংয়ের জিন্সের প্যান্টস এবং খয়েরি-কালো রংয়ের চেক শার্ট ছিল।
ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24