ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোমে খাদ্য নিরাপত্তা বিষয়ক বিশ্ব সম্মেলনে সোমবার (স্থানীয় সময়) বিকালে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্ষুধা ও অপুষ্টির শিকার বিশ্বের ১০২ কোটি মানুষের কল্যাণে নতুন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ সম্মেলনের আয়োজন করেছে।
১৬ থেকে ১৮ নভেম্বরের এ সম্মেলনে ৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন।
সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পোপ ষোড়শ বেনেডিক্ট মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং এফএও'র মহাপরিচালক জ্যাক দিউফ এরও এদিন বক্তব্য রাখার কথা।
শেখ হাসিনার এদিন এফএও প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে।
তিন দিনের এ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে 'খাদ্য ও কৃষি নিরাপত্তা' বিষয়ক এক গোলটেবিল আলোচনায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন।
এ সফরে যোগ দিতে রোববার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
বিশ্ব র্অর্থনৈতিক মন্দা ও খাদ্য সঙ্কট মোকাবেলায় কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্ষুধার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের প্রথম দিনই একটি খসড়া ঘোষণা গৃহীত হওয়ার কথা।
এ সম্মেলনের আগে এফএও www.1billionhungry.org ঠিকানার ওয়েবসাইট খুলেছে। এতে সাধারণ মানুষকে ক্ষুধার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ থেকে মুক্তির জন্য স্বাক্ষরের আহ্বান জানানো হয়।
বিশ্বের শতকোটি ক্ষুধার্ত মানুষের প্রতি সংহতি জানাতে রোমের সম্মেলন শুরু হওয়ার আগে এফএও'র মহাপরিচালক ও জাতিসংঘ মহাসচিব রোববার দিনব্যাপী অনশন পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/এমইউএস/এজে/এসকে/১৭৫৭ঘ.
bdnews24