খুলনা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছেড়ে যেতে বলা হলেও পরে বৃষ্টিপাতের কারণে সোমবার ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ ডা. কালীপদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।"
তিনি বলেন, ওই ঘটনার পর দুপুর ৩টায় একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।
অধ্যক্ষ জানান, চিকিৎসকদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে খুলনা থেকে বিজয়ী কেন্দ্রীয় সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতিসহ অন্যান্যদের সংবর্ধনার আয়োজন করে খুলনা মেডিকেল কলেজ।
দুপুর সাড়ে ১২টার দিকে সংবর্ধনা মঞ্চে বক্তব্য দিতে ওঠেন- ছাত্রলীগ কলেজ শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নিয়াজ মোস্তাফি চৌধুরী।
বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর কলেজ ছাত্রলীগের সম্মেলন হবে।
এরপর বক্তৃতা দিতে আসেন কলেজ ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সুমন।
নিয়াজের বক্তব্যের সমালোচনা ও প্রতিবাদ করে তিনি বলেন, কার্য নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা না করে ঘোষিত তারিখে কোন সম্মেলন হবে না।
সুমনের এ বক্তব্যের সময় নিয়াজ ও তার অনুসারীরা মঞ্চের সামনে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং চেয়ার ছোড়াছুড়ি হয়। এতে সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
অধ্যক্ষের সচিব মো. ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ বন্ধের ঘোষণা দেওয়ার পর নিয়াজ ও তার অনুসারীরা বিকেল চারটায় অধ্যক্ষকে তার কক্ষে অবরোধ করে রাখেন।
রাত সাড়ে সাতটা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
ওয়াহিদুজ্জামান জানান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও ছাত্রলীগ সভাপতি শফিকুর রহমান পলাশের হস্তক্ষেপ তারা অবরোধ তুলে নেয়।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছাত্রাবাস ত্যাগের সময় বাড়িয়েছে কলেজ প্রশাসন। দুটি ছাত্রাবাসের শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার জন্য বলা হয়েছে।
খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. বেলাল উদ্দিন বদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ২১১৩ ঘ.
bdnews24