নাটোর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নৌকা স্কুল খ্যাত নাটোরের সিঁধুলাই স্বনির্ভর সংস্থা জাতিসংঘের 'গোল্ড সিড অ্যাওয়ার্ড' পুরস্কার পেয়েছে।
গত ১০ নভেম্বর জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এ পুরস্কার ঘোষণা করে।
পরিবেশ উন্নয়নে সারা বিশ্বে নতুন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল এমন একটি প্রকল্পের জন্য সিঁধুলাইকে এ পুরস্কার দেওয়া হয়।
ইউএনইপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ১৯টি দেশের ৮০টি সংগঠনকে 'সিড অ্যাওয়ার্ড' দেওয়ার জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার 'গোল্ড সিড অ্যাওয়ার্ড' পেয়েছে সিঁধুলাই স্বনির্ভর সংস্থার 'সূর্য হারিকেন' প্রকল্প।
পুরস্কার হিসেবে এ সংস্থাকে দেওয়া হবে ৩৫ হাজার ডলার।
সূর্য হারিকেন প্রকল্পে কেরোসিন চালিত পুরানো পদ্ধতির হারিকেনকে স্বল্পব্যয়ে সৌরশক্তির হারিকেনে পরিণত করতে পাঁচটি বেসরকারি সংগঠন যৌথভাবে কাজ করছে। এগুলো হলো সিঁধুলাই স্বনির্ভর সংস্থা, দারিদ্র বিমোচন সংস্থা, পঞ্চশিলা বহুমুখী সমবায় সমিতি, সমাজ উন্নয়ন ও গবেষণা কর্মসূচি এবং রূপকথা।
সিঁধুলাই স্বনির্ভর সংস্থা এর আগে নৌকা স্কুল প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিল গেটস অ্যাওয়ার্ড-২০০৫, জাতিসংঘের ইকুয়েটর প্রাইজ-২০০৬, যুক্তরাজ্যের অ্যাশদেন্ত অ্যাওয়ার্ড-২০০৭ এবং জাতিসংঘের সাসাকাওয়া এওয়ার্ড-২০০৭ পুরস্কার পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/০১০০ ঘ.
bdnews24