ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে।
রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও পরিষদের নেতাদের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৬ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
দুই স্ট্রোকবিশিষ্ট অটো রিকশা ও টেম্পু চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, রাত ১০টায় জেলা প্রশাসক মো. হাইয়ুল কাইউম ও পুলিশ সুপারিনটেনডেন্ট মোখলেসুর রহমানের সঙ্গে ঐক্য পরিষদ নেতাদের সফল বৈঠক হয়। পরিষদের সাতদফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
তিনি বলেন, প্রশাসন থেকে মাইকিং করে দুই স্ট্রোকবিশিষ্ট অটো রিকশা ও টেম্পু না চালানোর নির্দেশ দেয়া হবে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়।
এ ছাড়া তাদের বাকি ছয়টি দাবি পর্যায়ক্রমে বাস্তাবায়ন করা হবে বলেও তিনি জানান।
ধর্মঘটের কারণে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে আটটি রুটে গাড়ি চলাচল বন্ধ থাকে।
ধর্মঘট আহ্বানকারীদের অন্য দাবির মধ্যে রয়েছে- অন্য জেলা থেকে আসা সব ধরনের সিএনজি অটো রিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলাচল বন্ধ করা, মহাসড়কে টেম্পু চলাচল বন্ধ করা, মেড্ডা লোকাল বাস স্ট্যান্ড এবং কার্যালয় 'দখলকারীদের' কাছ থেকে উদ্ধার করা, মেড্ডা বাস স্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24