২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শুল্কমুক্ত গাড়ির প্রস্তাব

সাংসদদের জন্য আবারো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন স্পিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সাংসদদের জন্য আবারো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন স্পিকার। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, শুল্কমুক্ত এ গাড়িগুলো বিলাসবহুল হবে না এবং কোনো গাড়ি সাত বছরের আগে বিক্রি করতে পারবেন না সংসদ সদস্যরা। রোববার সিরডাপ মিলনায়নে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার একথা বলেন। শুল্কমুক্ত দামি গাড়ি এনে তা বাজারে বিক্রি করে এ সুযোগের অপব্যবহার করার অভিযোগে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। এরশাদ সরকারের সময় প্রবর্তিত এ বিধানটি গত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করে বাতিল করে। নতুন সংসদ গঠনের পর এ অধ্যাদেশটি আইনে পরিণত করা হয়নি। স্পিকার আবদুল হামিদ বলেন, "শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে সংসদ সদস্যরা গাড়ি কিনবেন। এক্ষেত্রে লেক্সাস,মার্সিডিস বেঞ্জ বা হামার গাড়ির মতো বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ থাকবে না। আমদানি করার সাত বছরের মধ্যে তা বিক্রি করতে পারবে না। এমন প্রস্তাব রেখে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠানো হয়েছে।" তিনি জানান, শর্তসাপেক্ষে সাংসদদের জন্য আবারো শুল্কমুক্ত গাড়ি কেনার বিষয়ে এই প্রস্তাব প্রধানমন্ত্রী পর্যালোচনা করে দেখছেন। শুল্কমুক্ত আমদানির সুযোগ বাতিলের প্রেক্ষাপটে গত জুনে সংসদ সচিবালয় কমিশনের সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সচিবালয় থেকেই সাংসদদের জন্য গাড়ি কিনে দেওয়া হবে। স্পিকার বলেন, এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়াতেই তিনি শুল্কমুক্ত গাড়ি আমদানির সুপারিশ করেন। স্পিকার বলেন, "সংসদ সচিবালয় নতুন করে গাড়ি কেনার উদ্যোগ নিলে দরপত্র আহ্বানসহ নানা জটিলতায় পড়তে হয়। কিন্তু শুল্কমুক্ত গাড়ি কেনা হলে অনেক সাশ্রয় হয়।" প্রধানমন্ত্রী এ প্রস্তাব অনুমোদন করলে সাংসদরা দামি বিলাসবহুল ছাড়া ১৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ি আমদানি করতে পারবেন। প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করলে গাড়ি কেনা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন স্পিকার। আবদুল হামিদ আরো জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নতুন পে-স্কেল অনুমোদন করার বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা বাড়ানোরও সুপারিশ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১১৬ঘ.