২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রোববার সকালে ট্রাক-টেম্পো সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রোববার সকালে ট্রাক-টেম্পো সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় বাস-নসিমন (স্থানীয় যান্ত্রিক যান) সংঘর্ষে মারা গেছেন একজন। শনিবার বিকালে সিলেটে ট্রাক চাপায় নিহত হয়েছে একজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দু' ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, করিমগঞ্জের নেয়ামতপুরে দুর্ঘটনায় নিহতরা হলেন- রাসেল (২৬), প্রিয়বালা বণিক (৬৫) ও তার ছেলে বউ সীমা রানী বণিক (২৬)। আহত টেম্পু চালক সুমন (২৬), যাত্রী ননী গোপাল বণিক (৭০) ও কার্তিক চন্দ্র বণিককে (৩২) কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অপর দু'জনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দরগামী একটি যাত্রীবাহী টেম্পো সকাল ৯টার দিকে নেয়ামতপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ওসি জানান, ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার ভেড়ামারা উপজেলার মহিষাডোড়ায় নিহত হয়েছে নসিমনচালক ফারুক হোসেন (৩২)। ভেড়ামারা থানার ওসি সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেড়ামারা-দৌলতপুর সড়কের মহিষাডোড়ায় দুপুর ২টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী নসিমনটির সংঘর্ষ হলে নসিমনচালক ঘটনাস্থলে মারা যান। ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। সিলেট প্রতিনিধি জানান, শহরের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ূন রশীদ চত্বরে ট্রাক চাপায় মারা গেছেন বাদল (২২) নামে একজন। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তিনি সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডে (এসসিএস) লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিলেট কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেঞ্চুগঞ্জ-সিলেটগামী একটি ট্রাক হুমায়ূন রশীদ চত্বর এলাকায় বাইসাইকেল আরোহী বাদলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, "ঘটনার পরপরই স্থানীয়রা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করায় প্রায় দুই ঘণ্টা সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে।" পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এ ঘটনায় দোষীদের বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে। পুলিশ ট্রাক চালক ইকবাল (২৬) ও ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/ডিডি/এমএসবি/২০১৬ ঘ.