ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে দরকারি ছাড়া নদী তীরবর্তী সব স্থাপনার ইজারা বাতিল এবং এসব উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
এসব স্থান যাতে ভবিষ্যতে আবারো দখল হয়ে না যায় সেজন্য হাঁটাপথ (ওয়াকওয়ে) ও বসার বেঞ্চ নির্মাণ এবং এসব স্থানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এজন্য আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে দেশের নদ-নদী সংক্রান্ত টাস্কফোর্সের সভার পর শাজাহান খান সাংবাদিকদের একথা বলেন। এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ ও নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, নদী তীরে শুধুমাত্র কাঁচাবাজার, ল্যান্ডিং স্টেশন, জ্বালানি তেলের জাহাজ ভেড়ার ঘাট এবং ডক ইয়ার্ডগুলোর জন্য ইজারা বহাল রাখা হবে। এছাড়া সব দৈনিক ও বার্ষিক ইজারা বাতিল করা হবে।
দৈনিক ইজারা রোববার থেকে এবং বার্ষিক ইজারা সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়ে বাতিল করা হবে। এরপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পর স্থানগুলো যাতে অতীতের মতো আবার দখল না হয় সেজন্য ১৩৫ কিলোমিটার সড়ক ও পথচারীদের বসার স্থান নির্মাণ করা হবে। এতে ১২৬ কোটি টাকা ব্যয় হবে। বিআইডব্লিউটিএ এ অর্থ ব্যয় করবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, রাজধানীর বুড়িগঙ্গার তীরে শ্যামবাজার এলাকায় সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভাইপোর নামে ১৫ শতাংশ জমি ইজারা রয়েছে। সরকার এর ইজারাও বাতিল করবে এবং এতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে।
যানজট নিরসনে রাজধানীর চারপাশের নৌ-পথ সচল করার প্রকল্পের উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যেই সার্কুলার নৌ-পথ খননের কাজ শুরু হয়েছে। এসব রুটে 'ওয়াটার বাস' অথবা 'সি-বাস' চালু করা হবে। এজন্য প্রয়োজনীয় নকশা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এতে ঢাকার যানজট 'অনেকাংশে' কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেশ কিছুদিন আগে রাজধানীর চারপাশের নদীপথ যাত্রী পরিবহনের জন্য উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হলেও এ পর্যন্ত নানা কারণে এর অগ্রগতি আশাব্যঞ্জক নয়।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ কারখানা বর্জ্য সরাসরি নদীতে ফেলার ঘটনা উল্লেখ করে বলেন, বর্জ্য শোধনের ইটিপি স্থাপনের জন্য সরকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে সহজ শর্তে ঋণ নেওয়া যাবে।
সরকার নতুন শিল্প স্থাপনের জন্য ইটিপি স্থাপন বাধ্যতামূলক করেছে। তবে ব্যয়ের কথা বলে অনেক শিল্প মালিক তা স্থাপনে অনাগ্রহ দেখিয়ে আসছেন। তাদের কারখানার বিভিন্ন ধরণের বর্জ্য সরাসরি নদী বা কৃষিজমিতে পড়ে তা দূষিত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮০৯ঘ.
bdnews24