২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের ৪০ শতাংশ মানুষ দুর্যোগ ঝুঁকিতে

বাগেরহাটের অন্তত ৪০ শতাংশ মানুষ দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) হিসাবে জেলায় আরো অন্তত ৪৯০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

বাগেরহাট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের অন্তত ৪০ শতাংশ মানুষ দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) হিসাবে জেলায় আরো অন্তত ৪৯০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রয়োজন। এলজিইডির সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা ও রামপাল উপজেলার একাংশ উচ্চ মাত্রার দুর্যোগ ঝুঁকিপ্রবণ। এ ছাড়া চিতলমারী, মোল্লাহাট, কচুয়া ও সদর উপজেলার নদী সংলগ্ন ও চর এলাকায় রয়েছে মাঝারি মাত্রার ঝুঁকি। তিনি বলেন, "এসব এলাকার জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে হিসাব করে দেখা গেছে, জেলায় প্রায় চল্লিশ শতাংশ মানুষ (১৪ লাখের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ) উচ্চ ও মাঝারি মাত্রার দুর্যোগ ঝুঁকিতে বসবাস করছে।" সহকারী প্রকৌশলী রহিম জানান, ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে আরো আশ্রয় কেন্দ্র নির্মাণে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠিয়েছেন। এলজিইডি কার্যালয় থেকে জানা যায়, জেলার নয়টি উপজেলায় বর্তমানে ১১৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক, সেনাবাহিনী, বেসরকারি উন্নয়ন সংস্থা ও দাতাদের মাধ্যমে আরও ৮১টির নির্মাণ কাজ চলছে। চলতি অর্থবছরে এসব কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জেলার এক লাখ ৪২ হাজার মানুষের দুর্যোগকালীন আশ্রয়ের নিশ্চয়তা মিলবে। এলজিইডির হিসাব অনুযায়ী মংলা উপজেলায় আরও ৭৩টি, মোরেলগঞ্জে ২১৬টি, শরণখোলায় ৫১টি, চিতলমারীতে ৪৯টি, কচুয়ায় ২৮টি, রামপালে ৩৬টি, ফকিরহাটে ২০টি, মোল্লাহাটে ৯টি এবং সদর উপজেলায় ৮টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মুয়াজ্জেম হোসাইনও বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পর্যাপ্ত নয় বলে স্বীকার করেছেন। তিনি বলেন, "ঝুঁকি এড়াতে আরো আশ্রয় কেন্দ্র দরকার।" সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন আকন বলেন, "আমাদের এই এলাকা শতভাগ দুর্যোগ ঝুঁকি প্রবণ। কিন্তু এখানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খুব কম।" মংলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নূর আলম বলেন, মংলা উপজেলায় কোনো প্রতিরক্ষা বাঁধ না থাকায় এখানে মানুষের দুর্যোগ ঝুঁকি অনেক বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৬৩০ ঘ.