২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে কথিত আটকদের প্রাণ নিয়ে সংশয়

মাদারীপুরের দুই ব্যক্তি র‌্যাবের হাতে আটক দাবি করে তাদের প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

মাদারীপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের দুই ব্যক্তি র‌্যাবের হাতে আটক দাবি করে তাদের প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বজনরা। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তারা দাবি করেন, ঢাকার র‌্যাব-৩ এর একটি দল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রাপুর থেকে ওই দু'জনকে গ্রেপ্তার করে। এরা হলেন- সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লুৎফর খালাসী ও তার ভাই খায়রুল খালাসী। 'ক্রসফায়ারে' তাদের মেরে ফেলা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন আত্মীয়-স্বজনরা। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগজপত্র না দেখে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারছেন না। তবে তাদের আটক হওয়ার বিষয়টি স্বীকার করেছেন মাদারীপুর সদর থানার ওসি গিয়াস উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুৎফরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলায় তিনি খালাস পেয়েছেন। আরেকটি খুন ও অস্ত্র মামলায় জামিনে আছেন। চাঁদাবাজির মামলায় তার সাজা হয়েছে। তার বিরুদ্ধে পরোয়ানা আছে। খায়রুল মারামারি মামলায় জামিনে আছেন বলে ওসি জানান। মাদারীপুর শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লুৎফরের ছেলে বাবলু খালাসী। এতে দাবি করা হয়, ওবায়দুর নামে তার এক চাচাকে এর আগে 'ক্রসফায়ারে' হত্যা করেছে র‌্যাব। বাবলু জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন তার চাচা খায়রুল। মাদারীপুরের একটি মামলায় জেলহাজতে থাকার পর জামিনে ছাড়া পেয়ে তার বাবা লুৎফর সেখানে যান। শুক্রবার রাতে তাদের আটক করা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় দেওয়া হয়নি। নিরীহ ও ষড়যন্ত্রের শিকার দাবি করে তাদের 'ক্রসফায়ারে হত্যা' না করার আকুতি জানান বাবলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২৩০০ঘ.