২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে নতুন জনবল: প্রথম ধাপে কম

ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীতে ৩০ হাজার জনবল বাড়ানোর ঘোষণা দেন। পরিকল্পনা হয়, চলতি বছরেই আট হাজার ৯৪৬ জন নিয়োগের। তবে ১১ মাসে হয়েছে মাত্র অর্ধেক। বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশ বাহিনীতে ২০১১ সালের মধ্যে ৩২ হাজার সদস্য নিয়োগের প্রক্রিয়ায় প্রথম ধাপের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুলিশের জনবল ঘাটতি মেটাতে তিন ধাপে এ প্রক্রিয়া সম্পন্নের কথা। প্রথম ধাপে চলতি বছরে মোট ৮ হাজার ৯৪৬ জনকে নিয়োগের প্রস্তাব করা হলেও স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানিয়েছেন, ১১ মাসে নিয়োগ হয়েছে মাত্র চার হাজারের মতো। এটা নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। তবে স্বরাষ্ট্র সচিব আশাবাদ জানিয়ে বলেন, "জনবল বাড়ানোর কাজ চলছে এবং নির্দিষ্ট ২০১১ সালের মধ্যে পুরো ৩২ হাজার জনবলই বাড়ানো সম্ভব হবে।" আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীতে তিন বছরে পর্যায়ক্রমে ৩০ হাজার জনবল বাড়ানোর ঘোষণা দেন। স্বরাষ্ট্র সচিব জানান, পুলিশ সদরদপ্তর প্রথমে ৩০ হাজার জনবল বাড়ানোর একটি প্রস্তাব দিলেও পরে তা বাড়িয়ে প্রায় ৩২ হাজার করে ফের মন্ত্রণালয়ে জমা দেয়। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, মন্ত্রনালয়ে পাঠানো প্রস্তাবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে আট হাজার ৯৪৬ জন, ২০১০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে ১৩ হাজার ৮২ জন এবং পরের বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শেষ ধাপে ১০ হাজার ৩ জন জনবল বাড়ানোর কথা বলা হয়েছে। প্রথম ধাপের প্রস্তাবের মধ্যে শিল্প পুলিশ, নৌ-পুলিশ এবং ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম প্রতিষ্ঠার মতো কয়েকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদরদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব প্রস্তাবের ফাইলের কোনটি সচিব কমিটিতে, কোনটি অর্থ, কোনটি সংস্থাপন আবার কোনটি স্বরাস্ট্র মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। কিন্তু আর মাত্র দেড় মাস পরই প্রথম ধাপের মেয়াদ শেষ হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে প্রস্তাবগুলো আটকে থাকার কারণ জানতে চাইলে সোবহান সিকদার বলেন, "পুলিশে জনবল বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। পুরো বিষয়টি একটি প্রক্রিয়াগত ব্যাপার। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।" পুলিশ সদরদপ্তরের প্রস্তাবিত ৩২ হাজার জনবলের মধ্যে ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম, পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ডিএমপি, ব্যুরো অব ক্রাইসিস রেসপন্স অ্যান্ড প্রটেকশন, টেলিকম ও এপিবিএন (দাঙ্গা পুলিশ)-এ একজন করে এবং পুলিশ সদরদপ্তরে তিনজনসহ ১০টি মহাপরিদর্শকের (আইজি) পদ তৈরির কথাও বলা রয়েছে। এরমধ্যে প্রথম ধাপে একজন, দ্বিতীয় ধাপে চারজন এবং তৃতীয় ধাপে পাঁচজনকে আইজি করার কথা। এছাড়া প্রস্তাবের মধ্যে বাদবাকি প্রায় ১৬ হাজারই কনস্টেবল পদের। বর্তমান নীতিমালা অনুযায়ী, পুলিশে শুধু তিনটি নতুন পদে জনবল নিয়োগ দেওয়া হয়ে থাকে। তা হলো কনস্টেবল, উপ-পরিদর্শক (এসআই) এবং সহকারী সুপারিনটেনডেন্ট। সহকারী সুপারিনটেনডেন্ট পদে শুধু সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। বাকি দু'টি পদে পুলিশ সদরদপ্তরের মাধ্যমে নিয়োগ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএইচ/১৫২০ ঘ.