২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গলে 'ঢাকা-কলকাতা' চিত্রকলা প্রদর্শনী শুরু

রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে দশ দিনব্যাপী 'ঢাকা-কলকাতা' চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে দশ দিনব্যাপী 'ঢাকা-কলকাতা' চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান। এ প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং কলকাতা আর্টস ট্রাস্ট। এতে ঢাকার ১৭ জন এবং কলকাতার ১৬ জন শিল্পীর মোট ৫২ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে অংশ নেওয়া ঢাকার শিল্পীদের মধ্যে রয়েছেন, আমিনুল ইসলাম, কাইয়ূম চৌধুরী, মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, আবুল বারক আলভী, আব্দুস শাকুর, ফরিদা জামান, রনজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, কনক চাঁপা চাকমা ও অনিসুজ্জামান। কলকাতার শিল্পীদের মধ্যে রয়েছেন, প্রকাশ কর্মকার, রবীন মন্ডল, অমিতাভ সেনগুপ্ত, তপন মিত্র, সমীর আইচ, পূলক ঘোষ, শেখর কর, করুণাময় শূর, নমীতা রায়, আপ্ত ভট্টাচার্য, সুশান্ত চক্রবর্তী, সুদেষ্ণা হালদার, অরুণ কুমার মন্ডল, মলয় কর্মকার, দীপক রাজভড় ও প্রবাল রায়। উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, "ঢাকা-কলকাতা এই দুই প্রতিবেশী নগরীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যতটা আদান-প্রদান হওয়া উচিত ছিল, ততটা হয়নি। তবে এখন সেই আদান-প্রদান নতুন করে শুরু হয়েছে। ঢাকা-কলকাতা চিত্রকলা প্রদর্শনী তারই একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে।" তিনি বলেন, গত ৬০ বছরে দুই নগরীর যাত্রা ভিন্ন পথে হয়েছে। আর সেই যাত্রার প্রকাশ ঘটেছে শিল্পকলার মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, "ঢাকা-কলকাতা দুটি নগরীর নাম, প্রপঞ্চের নাম। বাঙালি সংস্কৃতির আকর এই দুই নগরী। সেই বিবেচনায় আজকের এই প্রদর্শনী অসাধারণ এক ঘটনা।" কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'দেবে আর নেবে, মেলাবে মিলিবে' এই পংক্তি আবৃত্তি করে তিনি বলেন, "আদান-প্রদানের কমিটমেন্ট থেকেই সরকারের একজন কর্মকর্তা হিসেবে আমি এখানে দাঁড়িয়েছি। এখন থেকে এই দুই নগরীর মধ্যে আদান-প্রদান বাড়বে।" অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলকাতা আর্টস ট্রাস্টের সভাপতি অমিতাভ সেনগুপ্ত, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ইউনিট্রেন্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলফিকার আহমেদ প্রমুখ। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। শেষ হবে আগামী ২২ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০১০ ঘ.