কিশোরগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদ এবং ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে ভৈরবে লাগাতার কিশোরগঞ্জ অবরোধ কর্মসূচি চলছে।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে কিশোরগঞ্জ-ভৈরব সড়ক, রেল ও নৌ যোগাযোগ অচল হয়ে পড়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের ভৈরব হয়ে চলাচলকারী সকল ট্রেন যথারীতি নির্দিষ্ট পথেই চলাচল করেছে।
সর্বদলীয় ভৈরব সংগ্রাম পরিষদ এই অবরোধ ডেকেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা।
একই দাবিতে সংগ্রাম পরিষদ মঙ্গলবার আধাবেলা হরতাল পালন করেছিল।
ভৈরব ও কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সকাল ছয়টার মধ্যে উভয় স্টেশনে অবরোধকারীরা এসে ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলেন। এরই মধ্যে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ৭টা ৫৫ মিনিটে কুলিয়ারচর স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি স্টেশনে প্রবেশের পর অবরোধকারীদের তোপের মুখে পড়ে। যাত্রীরা ট্রেন থেকে নেমে যেতে বাধ্য হন।
অবরোধের সমর্থনে শুক্রবার সকাল থেকেই উপজেলা সদরে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়। আন্দোলনকারী মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ 'দুর্জয় ভৈরব' চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে কিশোরগঞ্জগামী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
মেঘনায় ট্রলারসহ বিভিন্ন নৌযান দিয়ে অবরোধ সৃষ্টি করলে কিশোরগঞ্জের সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় ভৈরব চত্বরে মানববন্ধন করে ভৈরবের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাবাসীও অবরোধ কর্মসূচি পালন করছে।
অবরোধের কারণে ভৈরবের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে কিশোরগঞ্জ সদরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। বন্দর থেকে সার ও খাদ্যশস্য কিশোরগঞ্জে যায়নি।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মোতালিব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে এগারসিন্ধুর নামে চারটি আন্তনগর ট্রেন চলে। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ট্রেনটি সকালে কুলিয়ারচরে আটক পড়ে। পরে ট্রেনটি কিশোরগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়। ভৈরবে আটক ট্রেনটি কিশোরগঞ্জ যেতে না পারলেও নির্ধারিত দুপুর ২টা ৩৫ মিনিটে নরসিংদী-টঙ্গী হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ এসে আবার ময়মনসিংহে ফিরে যায়। জামালপুরের জগন্নাথগঞ্জঘাট স্টেশন থেকে চট্রগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি যাত্রাপথ পরিবর্তন করে। ট্রেনটি কিশোরগঞ্জ রেলপথ ব্যবহার না করে সকাল ১১টা২০ মিনিটে টঙ্গী হয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে।
অবরোধের কারণে ভৈরবের সঙ্গে কিশোরগঞ্জের যোগাযোগ অচল হয়ে পড়ার সত্যতা স্বীকার করে ভৈরব থানার ওসি শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবরোধ চলার সময় কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।"
কিশোরগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা বলেন, কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধের কারণে ঢাকা-কিশোরগঞ্জ চলাচলকারী বাসগুলি নরসিংদীর মনোহরদী হয়ে চলাচল করছে।
কিশোরগঞ্জ রেল স্টেশন মাস্টার আখতারউজ্জামানও ট্রেন ফিরে যাওয়া এবং কিশোরগঞ্জ পথ এড়িয়ে ঢাকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অবরোধ চলাকালে সর্বদলীয় ভৈরব সংগ্রাম পরিষদ দুপুর ১২টায় 'দুর্জয় ভৈরব' চত্বরে সমাবেশ করেছে।
এতে পরিষদের নেতারা বলেন, রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদে গত ১০ নভেম্বর ভৈরব ও কুলিয়ারচরে হরতাল কর্মসূচি পালিত হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য ওই দিন ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
দাবির না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে কমিটির নেতারা ঘোষণা করেন।
প্রস্তাবিত ভৈরব জেলা বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
ভৈরবকে জেলা করা নিয়ে কিশোররগঞ্জের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের 'অখণ্ডতা' রক্ষার দাবিতে গত ২ নভেম্বর 'কিশোরগঞ্জ জেলা অখণ্ডতা রক্ষা সংগ্রাম পরিষদের' ডাকা হরতালের সময় রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানো হয়।
রাষ্ট্রপতির এলাকা ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার জন্য মন্ত্রিসভা স
bdnews24